মিরসরাইয়ে টর্নেডো, দুই শতাধিক বাড়ি বিধ্বস্ত, আহত অর্ধশত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গত শুক্রবার বিকেলে টর্নেডোর আঘাতে দুই শতাধিক বাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। ঘর চাপা পড়ে, গাছের ডালপালা ও উড়ে আসা টিনের আঘাতে আহত হয়েছে অর্ধশতাধিক লোক।জানা যায়, শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার পাঁচটি ইউনিয়নের ওপর দিয়ে হঠাৎ টর্নেডো বয়ে যায়। ১০ মিনিট স্থায়ী এই টর্নেডোয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে করেরহাট ইউনিয়নের গেড়ামারা, ছত্তরুয়া ও কয়লা এলাকা। ওই এলাকায় ১৬৫টি পরিবারের ঘর বিধ্বস্ত হয়েছে বলে সরকারিভাবে তালিকা করা হয়েছে। এ ছাড়া ধুম, ইছাখালী, দুর্গাপুর ও সাহেরখালী ইউনিয়ন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখা গেছে, ঘূর্ণিঝড়ের আঘাতে বাড়িঘর, গাছপালা ভেঙে একাকার হয়ে পড়ে আছে। গাছ ও বিদ্যুতের তারে ঝুলছে ঘরের টিন, মানুষের কাপড়। আহাজারি করছে ক্ষতিগ্রস্ত লোকজন। ছত্তরুয়া এলাকায় বাতাসের আঘাতে দুটি পোলট্রি ফার্ম ও ফার্মের খাদ্যগুদামের ছাউনি উড়ে গেছে। ফার্ম দুটির প্রায় চার হাজার মুরগির বাচ্চা নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন ফার্মটির মালিক মহিউদ্দিন কিরণ।