মিরসরাইয়ে ট্রাক খাদে, নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দুর্ঘটনা-কবলিত ট্রাক। ছবি: ফোকাস বাংলা
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দুর্ঘটনা-কবলিত ট্রাক। ছবি: ফোকাস বাংলা

চট্টগ্রামের মিরসরাইয়ে আজ সোমবার ভোরে চাল বোঝাই একটি ট্রাক খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
ট্রাকচালক নিয়ন্ত্রণ হারালে উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে দেওয়া তথ্য অনুসারে, নিহত ব্যক্তিরা হলেন কালাম মিয়া (৪৫), মনির উদ্দিন (৪৫), টিপু (৪৫), সাইদুর রহমান (৪০), মো. আলম (৩০), রুবেল (২৫) ও আজাদ (২৫)। এঁদের মধ্যে প্রথম ছয়জনের বাড়ি নওগাঁ, শেষের জনের বাড়ি বগুড়া।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট ফরিদ উদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য নিহত সাতজনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
চট্টগ্রাম হাইওয়ে পুলিশের সহকারী সুপার (এএসপি) গোলাম মোহাম্মদ বলেন, চাল বোঝাই ট্রাকটি নওগাঁ থেকে চট্টগ্রাম আসছিল। ট্রাকের ছাদে ১১ জন আরোহী ছিলেন। ট্রাকটি সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সাত-আট ফুট গভীর খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। ট্রাকে থাকা চালের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে সাতজন নিহত হন।
চট্টগ্রাম হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ট্রাকের অন্য আরোহীরা বলছেন চালকের ঘুমের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। হাইওয়ে পুলিশ জানায়, ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী পালিয়েছেন।