মিরসরাইয়ে ট্রাকে আগুন, গাড়ি ভাঙচুর
চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াত-শিবিরের দেওয়া আগুনে পুড়ে গেছে একটি ট্রাক। এ সময় শিবির কর্মীরা পাঁচ-ছয়টি গাড়িও ভাঙচুর করেন।
গত বৃহস্পতিবার রাত সোয়া সাতটায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়নের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকে। গত বুধবার রাতেও শিবির কর্মীরা মিরসরাইয়ের জামালের দোকান এলাকায় একটি কাভার্ড ভ্যান পুড়িয়ে দেন।
এ ঘটনায় মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তবে এই মামলায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পুড়ে যাওয়া ট্রাকের চালক রফিক উদ্দীন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ১৫-২০ জনের একটি দল পাথর ছুড়ে গাড়িটি ভাঙচুর করছিল। ওই গাড়িগুলোর পেছনে রফিকের পাথরবোঝাই ট্রাকটিও ছিল। গাড়ি ভাঙচুরের একপর্যায়ে কয়েকজন যুবক কেরোসিন ঢেলে তাঁর ট্রাকে আগুন ধরিয়ে দেন। এতে ট্রাকটি পুড়ে যায়।
রফিক জানান, তাঁরা আশুগঞ্জ থেকে পাথরগুলো কুমিরা রয়েল সিমেন্ট ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছিলেন।
মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা এই ঘটনা ঘটিয়েছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. নুরুল কবির অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনায় তাঁরা জড়িত নন।