মিরসরাইয়ে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩
মিরসরাইয়ে এক তরুণীকে (১৮) ঘর থেকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। উপজেলার ইছাখালী ইউনিয়নের চুনি মিঝিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।ধর্ষণের ঘটনায় ওই তরুণী বাদী হয়ে গতকাল শুক্রবার মিরসরাই থানায় সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।আসামিরা হলো মো. জাফর, বাবা: মৃত কবির আহাম্মদ, মো. রাসেল, বাবা: নুরুল হক, ইকবাল হোসেন, বাবা: আবুল কালাম, মো. সোহাগ, বাবা: টুকু সওদাগর, রাহেল মিয়া, বাবা: হুদা মিয়া, কামাল হোসেন, বাবা: ওবায়দুল হক ভূঁইয়া ও শাহাদাত, বাবা: আবদুল হাই। গত বৃহস্পতিবার রাতে মৌখিক অভিযোগ পেয়ে মিরসরাই থানার পুলিশ জাফর, ইকবাল ও শাহাদাত নামের অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।এজাহার ও ওই তরুণীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, পশ্চিম ইছাখালীর চুনি মিঝিরটেক এলাকার এক তরুণীকে গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ঘর থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় স্থানীয় সাত বখাটে। ওই তরুণীকে বখাটে ইকবালের বাড়ির পুকুরপাড়ে নিয়ে ধর্ষণ করে তারা। ধর্ষণের পর গত বুধবার ভোরের দিকে তাঁকে বাড়িতে রেখে যায়। ঘটনার স্বীকার তরুণী জানান, বখাটেরা ঘরের দরজা ভেঙে তাঁর নানিকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে (তরুণী) টেনেহিঁচড়ে নিয়ে যায়।ধর্ষণের স্বীকার তরুণীর নানি বলেন, ‘প্রতিদিনের মতো ওই রাতে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে স্থানীয় বখাটে রাসেল, রাহেল, ইকবাল, জাফরসহ কয়েকজন দরজা ভেঙে ঘরে ঢুকে আমাকে মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে নাতনিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।’ওই তরুণীর মা জানান, মঙ্গলবার তিনি এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেই সুযোগে বখাটেরা মেয়ের সর্বনাশ করে। তিনি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের গণধর্ষণের ঘটনায় মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে জানান, অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এসআই আরও জানান, মেয়েটিকে আজ শনিবার ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম পাঠানো হবে।