মিরসরাইয়ে তরুণীকে ধর্ষণ, প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
মিরসরাইয়ের ইছাখালীতে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন মিরসরাই উপজেলা শাখা। গতকাল সোমবার মিরসরাই প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে পেশাজীবী, সুশীল সমাজ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। বক্তারা বলেন, ইছাখালীতে ধর্ষণের অভিযোগে তিন অপরাধীকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানার পুলিশ। তারা পুলিশের কাছে অপরাধ স্বীকারও করেছে। কিন্তু এখনো বাকি অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে না। তারা নির্যাতনের শিকার ওই তরুণীর পরিবারের সদস্যদের বিভিন্ন রকমের হুমকি দিচ্ছে। বক্তারা মেয়েটির পরিবারকে নিরাপত্তা দেওয়ার দাবি জানান।সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক রাজীব মজুমদারের সঞ্চালনায় ও সভাপতি জামশেদ আলমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ কবির হোসেন, মোহাম্মদ শাহ আলম, শিক্ষক আ ক ম শরীফুল ইসলাম, বিলকিস আক্তার, সাংবাদিক নীরদ বরণ মণ্ডল প্রমুখ।প্রতিবাদ সমাবেশ শেষে একটি শোভাযাত্রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণ করে আশরাফ হোসেন মানবাধিকার কমিশনের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন। তিনি এ সময় বলেন, স্মারকলিপিটি তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন।১৫ জানুয়ারি রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের পশ্চিম ইছাখালীর চুনিমিঝিরটেক গ্রামের এক তরুণীকে ঘর থেকে তুলে নিয়ে সাত বখাটে ধর্ষণ করে।