বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় সম্প্রসারণাধীন চার লেন মহাসড়কের কিছু অংশে মাটি সরে যায়। এতে মিরসরাই উপজেলার চারটি পয়েন্টে গাড়ি চলাচলের গতি কমে এলে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটে শত শত গাড়ি আটকে যায়৷
গতকাল শুক্রবার ভোর থেকে যানজটে আটকে পড়া যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে বন্দরনগর চট্টগ্রামের সঙ্গে রাজধানী ঢাকাসহ বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর সড়ক যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।
চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার কর্মকর্তা শাহজাহান মিয়া বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা থেকে হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে রওনা হন চট্টগ্রামের উদ্দেশে। গতকাল সকালে মিরসরাই পৌঁছানোর পর প্রায় ছয় ঘণ্টা মহাসড়কে আটকে পড়েন তিনি। বিকেল তিনটায় চট্টগ্রামে পৌঁছান বলে তাঁর ছেলে প্রথম আলোকে জানান।
একই দুরবস্থার কথা জানায় ঢাকা নটর ডেম কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র আবদুল্লাহ আল আমিন। সে জানায়, ‘কয়েক বছর আগেও পাঁচ ঘণ্টায় আমরা ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছতাম। দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সম্প্রসারণের কাজ চলছে। কিন্তু এ কেমন উন্নয়ন চলছে, যার জন্য ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছতে ১৬-১৭ ঘণ্টা লাগছে?’
ঢাকার সাভারের পোশাক কারখানার কর্মকর্তা রুবাইয়াত সরওয়ার বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় আমরা গ্রিন লাইনে ঢাকা থেকে যাত্রা করি। মিরসরাইয়ে যানজট দেখে চালক বারইয়াহাটে বিকল্প পথ দিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। খাগড়াছড়ির ওই সড়কেও ছিল তীব্র যানজট। এ কারণে চট্টগ্রামে পৌঁছাতে দুপুর দুইটা গড়িয়ে যায়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন করার কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না করার কারণে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। চীনের সিনো হাইড্রো করপোরেশন ১০ ভাগের সাত ভাগ কাজ পেয়েছিল। গত বছরের জানুয়ারিতে কাজ শেষ করার কথা থাকলেও মে পর্যন্ত ৩৪ দশমিক ৮০ শতাংশ কাজ করেছে। এতে বৃষ্টির পানিতে রাস্তার মাটি সরে যাচ্ছে, যে কারণে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভুইয়া বলেন, ‘বৃষ্টিতে মহাসড়কের কিছু অংশে মাটি সরে গেছে। এ কারণে ধীর গতিতে গাড়ি চালাতে হচ্ছে। মিরসরাইয়ের বড় দারোগারহাট, মিরসরাই বাজার, হাদি ফকিরহাট ও মিঠাছড়া বাজারে যানজটের সৃষ্টি হচ্ছে। চেষ্টা করছি যানজট দূর করার৷ কিন্তু বৃষ্টির কারণে গাড়ি চলাচলের গতি বাড়ানো যাচ্ছে না।’