মিরসরাইয়ে দুই যুবক ২৩ দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে মীর হোসেন (২৪) ও দেলোয়ার হোসেন (২৬) নামের দুই যুবক ২৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তাঁদের পরিবারের পক্ষে দায়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, ২২ জুলাই জনৈক নুরুল আফসার তাঁদের বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তাঁরা আর ফিরে আসেননি। তাঁদের বাড়ি উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামে।মীর হোসেনের বাবা কোরবান আলী ও দেলোয়ার হোসেনের মা শামসুন নেহার জানান, তাঁদের ছেলেরা দিনমজুর। এলাকার কাঠ পাচারকারী নুরুল আফসার তাঁদের দিয়ে রাতে কাঠ চুরি করাতেন। ২২ জুলাই রাতে নুরুল আফসার কাজের কথা বলে তাঁদের ডেকে নিয়ে যান। মীর হোসেন পাঁচ মাস আগে বিয়ে করেছেন। বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা। এ বিষয়ে নুরুল আফসার বলেন, ওই দুইজন ওই দিন কাঠ চুরি করতে গিয়েছিলেন। তাঁদের ফিরে আসার জন্য তিনি গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেন, কিন্তু তাঁরা ফিরে আসেননি। তাঁদের পরিবারের অভিযোগ অস্বীকার করে আফসার বলেন, ‘কেন তাঁদের মারতে যাব? আমিও তাঁদের খুঁজে বের করার চেষ্টা করছি।’