মিরসরাইয়ে দুটি ট্রাকের সংঘর্ষে নিহত ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে উপজেলার বড়তাকিয়ার মির্জাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মিনি ট্রাকের চালক সীতাকুণ্ড পৌর সদরের ইয়াকুব নগরের আবুল বশরের ছেলে কামাল উদ্দিন (৩০) এবং একই গাড়িতে থাকা ওই এলাকার মুন্না (২৮) নামের এক যুবক।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে উল্টোপথে গাড়ি চলাচলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দীন বলেন, বেলা দুইটার দিকে চট্টগ্রামমুখী একটি মিনি ট্রাকের সঙ্গে ঢাকামুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিনি ট্রাকের চালক কামাল নিহত হন। এ ঘটনায় আহত মুন্নাকে স্থানীয় লোকজন উদ্ধার করে মিরসরাইয়ের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।