মিরসরাইয়ে দুর্ঘটনায় সাংবাদিক গুরুতর আহত
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দৈনিক জনকণ্ঠ-এর মিরসরাই প্রতিনিধি ফখরুল ইসলাম (২৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেল চালিয়ে জোরারগঞ্জ থেকে মিরসরাই সদরে আসছিলেন সাংবাদিক ফখরুল। সুফিয়া রোড এলাকায় এলে বিপরীতমুখী স্কাইল্যান্ড সার্ভিসের একটি দ্রুতগতির বাসের (নম্বর চট্ট মেট্টো জ-১১-০৭১৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে ফখরুলকে উপজেলা সদরের মাতৃকা হাসপাতালে নিয়ে যায়। মাতৃকা হাসপাতালে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাঁকে চমেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। দুর্ঘটনায় তাঁর মাথায় মারাত্মক জখম হয় এবং ডান হাত ভেঙে যায়।মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিক আহমেদ মজুমদার জানান, পুলিশ বাসটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে। এদিকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।