মিরসরাইয়ে দেবে গেছে দুটি সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ের খইয়াছড়া ইউনিয়নের কাজীরহাট এলাকায় সাহেরখালী-দুয়ারু খালের ওপর নির্মিত দুটি সেতু দেবে গেছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে খইয়াছড়া, মায়ানী ও হাইতকান্দি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষকে।
কাজীরহাট গিয়ে দেখা যায়, সাহেরখালী-দুয়ারু খালের ওপর নির্মিত কাজীরহাট সেতুর পূর্বাংশ প্রায় তিন ফুটের বেশি নিচের দিকে দেবে গেছে। সেতুটি কাজীরহাটের ব্যবসায়ী, পূর্ব মায়ানী মাজেদা হক উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ মায়ানী, ছাগলখাইয়া, চৌধুরীপাড়া, পশ্চিম মায়ানী, দমদমা এলাকার প্রায় ৩০ হাজার মানুষ ব্যবহার করে।
একই খালের ওপর কাজীরহাট মাদ্রাসাসংলগ্ন এলাকায় নির্মিত সেতুটির এক পাশে চার ফুটের বেশি দেবে গেছে। অন্য অংশেরও মাটি সরে গিয়ে সেতুটি পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। কাজীরহাট মাদ্রাসা ও কাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং হাইতকান্দি, পূর্ব মায়ানী, বড়ুয়াপাড়াসহ হাইতকান্দি ইউনিয়নের আশপাশের প্রায় ২০ হাজার মানুষ সেতুটি ব্যবহার করে।
কাজীরহাট বাজারের ব্যবসায়ী অহিদুর রহমান বলেন, কাজীরহাটের ওপর দিয়ে তিনটি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াত। সেতু দুটি নির্মাণ করা হয়েছিল প্রায় ১৫ বছর আগে। পাঁচ-ছয় মাস আগে হঠাৎ করে সেতু দুটি দেবে যেতে থাকে। এর পর থেকে কাজীরহাট সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আগামী বর্ষার আগে সেতু দুটি পুনর্নির্মাণ না করলে দুটি সেতুই খালে ভেঙে পড়ে যেতে পারে।
খইয়াছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মাহফুজুল হক বলেন, সেতু দুটি খুবই ঝুঁকির মধ্যে আছে।
উপজেলা প্রকৌশলী মো. আবুল হোসেন সেতু দুটি দেবে যাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি সেতুর মধ্যে অন্তত একটি সেতু এ বছর নির্মাণের পরিকল্পনা আছে। বাজেট পেলে বাকিটাও করা হবে।