মিরসরাইয়ে ধর্ষণচেষ্টার দায়ে শাস্তি
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণচেষ্টার দায়ে একটি বিদ্যালয়ের কর্মচারীকে অর্থদণ্ডসহ চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।স্থানীয় ইউনিয়ন পরিষদের সালিসি বৈঠকে মো. আনোয়ার হোসেন নামের ওই কর্মচারীকে শাস্তি দেওয়া হয়। বৃহস্পতিবার গ্রামবাসীর উপস্থিতিতে উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহামঞ্চদ এই শাস্তির আদেশ দেন। স্থানীয় সূত্র জানায়, সোমবার আনোয়ার একই উপজেলার এক বাক্প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের জন্য টানাহেঁচড়া করেন। তবে আশপাশের লোকজন ঘটনাটি দেখে ফেললে তিনি পালিয়ে যান। এ ঘটনায় বিচার চেয়ে ওই কিশোরীর বাবা মায়ানী ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যান এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সালিসি বৈঠকের আয়োজন করেন। বৈঠকে অভিযোগের সত্যতা পাওয়ায় আনোয়ারকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়। একই সঙ্গে তাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, শুক্রবার বিদ্যালয় পরিচালনা পরিষদ জরুরি বৈঠকে আনোয়ারকে বরখাস্ত করেছে।