মিরসরাইয়ে নলকূপের পাইপে আবারও নির্গত হচ্ছে প্রাকৃতিক গ্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে আবারও নলকূপের পাইপ দিয়ে প্রাকৃতিক গ্যাস বের হচ্ছে। উপজেলার ইছাখালী ইউনিয়নের সাধুর চরের একটি খামারবাড়িতে স্থাপিত নলকূপের পাইপ দিয়ে কয়েক দিন ধরে অনবরত নির্গত হচ্ছে গ্যাস। মিরসরাইয়ের বিভিন্ন স্থানে গ্যাসের উদিগরণ দেখা গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো উদ্যোগই গ্রহণ করেনি। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে ইছাখালী ইউনিয়নের পূর্ব ইছাখালীর সাধুরচরে গিয়ে দেখা গেছে, স্থানীয় লোকজন পাইপের মুখে আগুন জ্বালিয়ে তা উপভোগ করছে। জানা গেছে, চলতি বছরের ৫ জুন উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের আবদুল হাকিমের বাড়িতে স্থাপিত একটি নলকূপের এক পাশ দিয়ে বুদ্বুদ করে গ্যাস নির্গত হতে এবং অন্য পাশ দিয়ে পানি বের হতে দেখা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহমঞ্চদ আশরাফ হোসেন বলেন, ‘ইছাখালী ইউনিয়নের সাধুর চরের নলকূপ দিয়ে গ্যাস বের হওয়ার বিষয়টি শুনেছি। সরেজমিনে পরিদর্শন করে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন বলে তিনি জানিয়েছেন।’ এ বিষয়ে যোগাযোগ করা হলে বাপেক্সের জিএম (জেনারেল ম্যানেজার-প্রশাসন) সাইফুজ্জামান গতকাল বৃহস্পতিবার বিকেলে জানান, মিরসরাইয়ের বিভিন্ন স্থানে নলকূপ দিয়ে গ্যাস বের হওয়ার ব্যাপারে তিনি ও তাঁদের প্রতিষ্ঠান কিছুই জানেন না। তবে বিষয়টি পেট্রোবাংলা কর্তৃপক্ষ তাঁদের অবহিত করলে তাঁরা প্রতিনিধিদল পাঠিয়ে অনুসন্ধান করে পরীক্ষা করবেন বলে জানান।