মিরসরাইয়ে পাহাড় কাটার দায়ে চীনা প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরালগঞ্জে পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অভিযোগে সিনোহাইড্রো করপোরেশন নামের একটি চীনা প্রতিষ্ঠানকে ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল মঙ্গলবার ঘটনাস্থল ঘুরে এই জরিমানা করেন।অধিদপ্তর সূত্র জানায়, চীনা প্রতিষ্ঠানটি এসআর এন্টারপ্রাইজ নামের একটি দেশীয় প্রতিষ্ঠানকে ঠিকাদারি দিয়ে ওই পাহাড় কাটা মাটি সংগ্রহ করছিল। এ কারণে মোহাম্মদ মুনীর চৌধুরী এসআর এন্টারপ্রাইজের মালিক আবদুল কুদ্দুসের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা করার নির্দেশ দেন। তিনি বর্তমানে পলাতক আছেন।মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘চীনা প্রতিষ্ঠানের প্রকল্প সমন্বয়কারী মি. উ পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে এসে পাহাড় কাটার সঙ্গে জড়িত ঠিকাদার থেকে কোনো মাটি নেবেন না এবং প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করবেন বলে জানান। ওই কর্মকর্তা পাহাড় কাটার জন্য দুঃখ প্রকাশ ও কাটা পাহাড়ে মাটি ভরাট করে ওই পাহাড়কে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার লিখিত অঙ্গীকার করেন।১৪ এপ্রিল প্রথম আলোয় মিরসরাইয়ে ‘পাহাড় কাটায় ঝুঁকিতে বিদ্যুতের টাওয়ার’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গত সোমবার পরিবেশ অধিদপ্তর ওই এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহূত একটি এসকেবেটর, ছয়টি ট্রাক, রাতের আঁধারে মাটি কাটায় ব্যবহূত বৈদ্যুতিক জেনারেটর প্রভৃতি আটক করে।