মিরসরাইয়ে পাহাড় কাটায় ঝুঁকিতে বিদ্যুতের টাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই নির্বিচারে পাহাড় কাটা চলছে। নষ্ট করা হচ্ছে পাহাড়ে থাকা মূল্যবান গাছ ও ফলদ গাছের চারা। এতে চরম ঝুঁকির মুখে পড়েছে উপজেলার সোনাপাহাড়ে অবস্থিত জাতীয় গ্রিডের বিদ্যুতের টাওয়ার। যেকোনো সময় টাওয়ার হেলে পড়ে বৃহত্তর চট্টগ্রাম থেকে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ শুরু হওয়ার পর মাটির সংকট দেখা দেয়। মাটি সরবরাহ করতে মিরসরাইতে গড়ে ওঠে কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট। চার লেন প্রকল্পের কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ওই সিন্ডিকেটগুলোর সঙ্গে মাটি সরবরাহের সমঝোতা করে। পরে সিন্ডিকেটের সদস্যরা পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়েই নির্বিচারে উপজেলার জোরারগঞ্জ, নয়দুয়ার ও করেরহাট এলাকায় পাহাড় ও টিলা কেটে মাটি সরবরাহ শুরু করেন। এ অবস্থায় গত মার্চ মাসে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিদর্শক সাইফুল আশ্রাব বাদী হয়ে মিরসরাই থানায় দুজনের নামে একটি মামলা করেন। পরে চার লেন প্রকল্পে মাটির সংকট মেটাতে পরিবেশ অধিদপ্তর উপজেলার তিনটি ন্যাড়া ও ঝুঁকিমুক্ত পাহাড় কাটার ছাড়পত্র দেয়। তবে বাস্তব চিত্র ভিন্ন। সিন্ডিকেটের সদস্যরা কোনো বাছবিচার না করেই পাহাড় কাটছেন। ১০ এপ্রিল জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় গিয়ে দেখা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই এমন একটি বনায়ন করা পাহাড় মাটি কাটার গাড়ি এক্সকেভেটর দিয়ে কাটা হচ্ছে। পাহাড়ের মাটি নেওয়ার কাজে ব্যবহার করা হয় পাঁচটি ড্রাম ট্রাক। ওই ট্রাকের চালক জাহাঙ্গীর ও মহিউদ্দিন জানান, এসব মাটি চার লেন প্রকল্পের কাজের জন্য ফেনীর ফাজিলপুর এলাকায় নেওয়া হচ্ছে। সোনাপাহাড় এলাকার একটি পাহাড়ের ওপরে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জাতীয় গ্রিডের দুই লাখ ৩০ হাজার ভোল্ট বিদ্যুৎ লাইনের একটি টাওয়ার। টাওয়ারটির গোড়ার সামনে প্রায় ১০ ফুট জায়গা রেখে কেটে ফেলা হয়েছে অর্ধেকের বেশি পাহাড়। পিডিবির বার আউলিয়া গ্রিডের সহকারী ব্যবস্থাপক মো. হাসান জানান, সংবাদ পেয়ে তিনি পাহাড় কাটার স্থান পরিদর্শন করেছেন। পাহাড় কাটার ফলে বর্তমানে জাতীয় গ্রিডের ওই টাওয়ারটি বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। টাওয়ারটি হেলে পড়লে মুহূর্তে চট্টগ্রাম থেকে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে। নেমে আসবে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়।মো. হাসান জানান, বিষয়টি পিডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ব্যাপারে দোষীদের বিরুদ্ধে মিরসরাই থানায় ১০ এপ্রিল একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সোনাপাহাড়ের একাধিক স্থানীয় ব্যক্তি জানান, আনোয়ার হোসেন, আবদুল কুদ্দুস, আশীষ দাশসহ ১০ জনের একটি সিন্ডিকেট ওই পাহাড়টি কেটে চার লেন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে মাটি বিক্রি করছে। এ প্রসঙ্গে আশীষ দাশ ও আবদুল কুদ্দুস মুঠোফোনে প্রথম আলোকে জানান, পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র না থাকলেও ন্যাড়া পাহাড় হিসেবে সোনাপাহাড়ের ওই পাহাড়টি কেটে মাটি বিক্রি করছেন। বিদ্যুতের লাইনটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার বিষয়ে তাঁরা বলেন, টাওয়ারের সামনে পর্যাপ্ত জায়গা রেখে পাহাড়টি কাটা হচ্ছে।পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিদর্শক সাইফুল আশ্রাব জানান, ‘শুনেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তিনটি পাহাড় কাটার অনুমোদন দিয়েছে। কিন্তু আমরা এ-সংক্রান্ত কোনো নির্দেশনা পাইনি।’