মিরসরাইয়ে পাহাড় থেকে কিশোরীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড় থেকে এক কিশোরীর (১১) লাশ উদ্ধার করেছে মিরসরাই থানার পুলিশ। কিশোরীর নাম তানজিনা আক্তার। গতকাল রোববার দুপুরে খৈয়াছরা বনবিট এলাকার পাহাড়ে তার লাশের খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। খৈয়াছরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী জানান, পশ্চিম পোলমোগরা গ্রামের কৃষক মফিজ উদ্দিনের মেয়ে তানজিনা আক্তার গত শনিবার বিকেলে বাড়ির পার্শ্ববর্তী ধানখেত দেখতে গিয়ে নিখোঁজ হয়। স্বজনেরা অনেক খোঁজাখোঁজির পরও তাকে পাচ্ছিল না। গতকাল দুপুরে খৈয়াছরা বনবিট এলাকার পাহাড়ে তানজিনার লাশ দেখতে পান স্থানীয় লোকজন। সে বেগমুন্নেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ এম এ কে ভূঁইয়া জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে।