মিরসরাইয়ে পাহাড়ে দুটি ‘বাংকার’
চট্টগ্রামের মিরসরাই উপজেলার পাহাড়ি এলাকায় দুটি ‘বাংকারের’ সন্ধান পাওয়া গেছে। পুলিশ বলছে, এলাকার মাদকসেবীরা বাংকারটি তৈরি করেছে। তবে এলাকাবাসীর ধারণা, কোনো সন্ত্রাসী সংগঠন আত্মগোপনের জন্য এটি খনন করেছে।গত বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের পূর্ব পাশের পাহাড়ে বাংকার দুটির সন্ধান পাওয়া যায়।স্থানীয় বাসিন্দারা বলেন, মাদক সেবনের জন্য পাহাড়ে বড় বাংকার খনন করার কোনো মানে হয় না। বিভিন্ন সময়ে এসব পাহাড়ি অঞ্চলে লাশের সন্ধান পাওয়া যায়। ২০১০ সালে পার্শ্ববর্তী গড়িয়াইশ এলাকায় এক মাসে দুটি গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। কোনো সন্ত্রাসী বা জঙ্গি সংগঠন নিজেদের নিরাপদ আস্তানা তৈরির উদ্দেশ্যে এই বাংকার দুটি খনন করতে পারে বলে তাঁদের ধারণা।তবে শাহাবুদ্দীন নামের স্থানীয় এক কৃষক বলেন, পাহাড়টির আশপাশে ২৪ ঘণ্টা লোকজন যাতায়াত করে। রাত জেগে মানুষ ধান পাহারা দেয়। গ্রামের মসজিদে তাবলিগ জামাতের লোকজন ছাড়া তেমন কোনো অপরিচিত লোককে গ্রামবাসী দেখেনি।গত বৃহস্পতিবার তালবাড়িয়া গ্রামের নুরুল হক বাংকারটি দেখতে পেয়ে মিরসরাই পৌর কাউন্সিলর নুর-নবীকে জানান। পরে এলাকাবাসীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশে খবর দেন। খবর পেয়ে গতকাল শুক্রবার মিরসরাই থানার পুলিশ সেখানে যায়।থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো আলামত খুঁজে পাওয়া যায়নি। বাংকার দুটি থেকে এনার্জি ড্রিংকের কয়েকটি খালি বোতল আর সিগারেটের খালি প্যাকেট ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।