মিরসরাইয়ে পৃথক অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক দুটি অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গত শনিবার রাতে উপজেলার বারইয়ারহাট পৌরসভায় এ দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, শনিবার রাত আটটার দিকে বারইয়ারহাট পৌর বাজারের বিজলী বিতান নামের ইলেকট্রিক সামগ্রীর গুদামে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয় বলে গুদামের মালিক জসীম উদ্দিন দাবি করেছেন।এদিকে, শনিবার রাত সাড়ে তিনটার দিকে একই পৌরসভার চিনকি আস্তানা বাজারে আগুন লেগে জয়নাল আবেদীনের ফার্মেসি, সদিকুর রহমানের অ্যালুমিনিয়ামের দোকান, মো. মোস্তফার কাপড়ের দোকান, আবদুল কাদেরের সিএনজির গোডাউন ও নূর ইসলামের চালের দোকান পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেন।পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন জানান, প্রায় প্রতিবছর আগুনে এই উপজেলার কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়। পাশের সীতাকুণ্ড উপজেলা মিরসরাইয়ের চেয়ে আকারে ছোট হলেও সেখানে একটি অগ্নিনির্বাপণ কেন্দ্র রয়েছে। অথচ মিরসরাইয়ে কোনো অগ্নিনির্বাপণ কেন্দ্র নেই। এখানে একটি অগ্নিনির্বাপণ কেন্দ্র থাকলে ক্ষতির হার কমত বলে ইমাম হোসেন মতপ্রকাশ করেন।