মিরসরাইয়ে পৌর বিএনপির ৩৫ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।
গত সোমবার সন্ধ্যা সাতটায় মিরসরাই সদরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মিরসরাই থানার উপপরিদর্শক মো. ইসমাইল বাদী হয়ে মিরসরাই পৌর বিএনপির আহ্বায়কসহ ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন।
কাভার্ড ভ্যানের চালক মো. শফি জানান, তিনি চট্টগ্রাম থেকে পোশাকশিল্পের সুতা নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ যাচ্ছিলেন।
ট্রাকের চালক মো. শাহীন জানান, মিরসরাইয়ের বারইয়ারহাট থেকে ধান বোঝাই করে তিনি চট্টগ্রাম যাচ্ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে পৌঁছালে ১০-১৫ জন দুর্বৃত্ত গাড়ি থামিয়ে আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কাভার্ড ভ্যানের কেবিন ও বেশ কিছু সুতো পুড়ে যায়।
মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল জানান, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা করেন। মামলায় মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য নাজিম উদ্দিন, দেলোয়ার হোসেন, বিএনপির নেতা মহিউদ্দিনসহ ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
এ প্রসঙ্গে মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক মো. নাছির উদ্দীন বলেন, ‘সারা দেশের মতো মিরসরাইতেও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে। গাড়ি পোড়ানোর ঘটনাটি আমাদের বাড়ির সামনে হওয়ায় আমাকে সন্দেহ করা হচ্ছে। কিন্তু কোনো বোকাও সম্ভবত তার
বাড়ির সামনে এমন নাশকতা করবে না।’ তিনি দীর্ঘদিন থেকে চট্টগ্রাম শহরে অবস্থান করছেন বলেও জানান।