মিরসরাইয়ে প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির কার্যালয় ভাঙার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কার্যালয় ভাঙার প্রতিবাদে গতকাল বেলা ১১টার দিকে বিএনপির নেতা-কর্মীরা উপজেলা সদরের সোনালী ব্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিএনপির নেতারা। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা পৌরসভা মার্কেটের সামনে বসে পড়েন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য ও সাময়িক বরখাস্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমীন।
উপজেলা যুবদলের সভাপতি শাহীনুল ইসলাম স্বপন প্রথম আলোকে বলেন, বিএনপির কার্যালয় নিয়ে মামলা চলছে। ২২ সেপ্টেম্বর মামলার শুনানির দিন ধার্য রয়েছে। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ আদালতের রায়ের আগেই কার্যালয়টি ভেঙে দিচ্ছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূইয়া বলেন, বিএনপির মিছিলের খবরে পুলিশ শক্ত অবস্থান নেয়। তা দেখে বিএনপির নেতা-কর্মীরা মিছিল না করে পালিয়ে যান। তিনি বলেন, মহাসড়ক হয়ে ঈদে ঘরমুখো মানুষের বিড়ম্বনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুলিশ শক্ত অবস্থান নেয়।
গত সোমবার রাতে উপজেলা সদরে বিএনপির কার্যালয় ভবন ভাঙার কাজ শুরু করেন মিরসরাই পৌরসভার নিয়োগ করা ঠিকাদার।