চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের সংকট চলছে। এ ছাড়া উপজেলা শিক্ষা কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় উপজেলার প্রাথমিক শিক্ষার কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৩টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। রেজিস্টার্ড ২৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দুটিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ ছাড়া উপজেলার সব কটি বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে মোট ৬৩টি।উপজেলার ইছাখালী সাকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ মোবারকঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী শিক্ষক রয়েছেন মাত্র একজন করে। অন্য বিদ্যালয় থেকে প্রেষণে দুজন করে শিক্ষক এনে কোনো রকমে চালানো হচ্ছে ওই দুটি বিদ্যালয়ের পাঠদান। রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী শিক্ষক রয়েছেন দুজন। প্রেষণে একজন শিক্ষক এনে এখানে পাঠদান চালানো হচ্ছে।এদিকে গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে শূন্য রয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদ। সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পাঁচটি পদের মধ্যে তিনটিই বর্তমানে শূন্য। দুজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মধ্যে একজন ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। এ ছাড়া চতুর্থ শ্রেণীর কর্মচারীর (এমএলএসএস) বেশ কয়েকটি পদ শূন্য রয়েছে।প্রধান শিক্ষক নেই—এ রকম একাধিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক কাজ ও পাঠদান ব্যাহত হচ্ছে। দু-তিনজন সহকারী শিক্ষকের মধ্যে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়ই ব্যস্ত থাকেন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন উর রশিদ বলেন, উপজেলা অফিসে লোকবল কম থাকায় নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা যায় না। বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের সংকটের ব্যাপারে তিনি বলেন, সহকারী শিক্ষক থেকে ২১ জন শিক্ষক পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হবেন। বর্তমানে হাইকোর্টে সহকারী শিক্ষকদের পদোন্নতির জটিলতাসংক্রান্ত একটি মামলা চলছে। ওই মামলার রায় না হওয়া পর্যন্ত পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। অন্য চারটি বিদ্যালয়ে নতুনভাবে প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে।