মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে গত রোববার রাতে গয়নার দোকানে ডাকাতি ও মালিকের ওপর হামলার প্রতিবাদে ব্যবসায়ীরা মানববন্ধন ও মৌন মিছিল করেছেন। গতকাল সোমবার দুপুরে মিরসরাই সদরে উপজেলা বণিক সমিতির উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মৌন মিছিল নিয়ে স্মারকলিপি দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দেওয়া স্মারকলিপিতে উপজেলার জুয়েলারি ব্যবসায়ীদের নিরাপত্তা, রূপসী জুয়েলারির ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। এ সময় উপজেলা বণিক সমিতির সভাপতি গোপাল বণিক, সম্পাদক দুলাল বণিক, জুয়েলারি ব্যবসায়ী রফিক উদ্দিন, সমীর মল্লিক, অধর ধর, ধ্রুব বণিক, পলাশ বণিক উপস্থিত ছিলেন। রোববার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারের রূপসী জুয়েলারিতে ডাকাতি হয়। ডাকাতেরা দোকান থেকে প্রায় পাঁচ শ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে মালিকপক্ষ দাবি করেছে। ডাকাতদের হামলায় দোকানের মালিক রেদোয়ানুল হক গুরুতর আহত হয়েছেন।এদিকে মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খান জানান, জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনায় গতকাল সোমবার পর্যন্ত কেউ থানায় মামলা করেননি।