মিরসরাইয়ে বাউল দলের গাড়ি ডাকাতি, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে বাউল দলের গাড়ি গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মুসা হাওলাদার (৫০) নামের এক বাউলশিল্পী আহত হয়েছেন।
এ ছাড়া মাইক্রোবাসে থাকা শিল্পী শংকর কুমার, রঞ্জু আক্তার, মঞ্জু আক্তার ও চালক রাসেলকে বেদম পিটিয়েছে ডাকাতেরা। এ সময় ডাকাতেরা তাঁদের কাছে থাকা টাকা ও প্রয়োজনীয় মালামাল নিয়ে যায়। গত বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার মিঠানালা ইউনিয়নের ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাউলশিল্পী মঞ্জু আক্তার বলেন, ‘আমরা বিভিন্ন হাটবাজারে গান গেয়ে টাকা উপার্জন করি। বুধবার স্থানীয় বামনসুন্দর বাজারে গানের আসর ছিল। আসর থেকে ফেরার পথে ফকিরহাটের ২০০ গজ পূর্বে কিছু অস্ত্রধারী ডাকাত আমাদের গাড়ির (মাইক্রোবাস) গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা গাড়ির ওপর হামলা করে। ডাকাতদের ধারালো ছুরির আঘাতে বাউলশিল্পী মুসা হাওলাদার আহত হন।’ জোরারগঞ্জ থানার উপপরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, ‘ডাকাতির কবলে পড়া লোকজন আমাদের কাছে এসেছিলেন। ঘটনাটি মিরসরাই থানা এলাকায় সংঘটিত হওয়ায় সংশ্লিষ্ট থানায় মামলা করতে তাঁদের পরামর্শ দিয়েছি।’ মিরসরাই থানার ওসি ইমতিয়াজ এম কে ভূঁইয়া জানায়, মিরসরাই থানা এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে তিনি জানেন না।