মিরসরাইয়ে বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা সদরে যাত্রীবাহী বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শিশু-নারীসহ তিনজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন: সিএনজিচালিত অটোরিকশার চালক লিটন (৩৫), নাছিমা আক্তার (৩০) ও শিশু রায়হান উদ্দিন (২)। নিহত ব্যক্তিদের সবার বাড়ি সীতাকুণ্ড উপজেলায়। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হাসান জানান, গতকাল দুপুর আড়াইটার দিকে নোয়াখালী-চট্টগ্রাম রুটের রেসালাহ্ নামের পরিবহন কোম্পানির নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ওই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি মিরসরাই সদরের কালীবাড়িসংলগ্ন পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় বাসটির কোনো যাত্রী নিহত না হলেও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।