মিরসরাইয়ে বাস খাদে, নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। দিনাজপুরের বিরামপুরে মায়ের সঙ্গে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে ছয় বছরের শিশু। রোববার থেকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত এই দুটি সড়ক দুর্ঘটনাসহ সাত জেলায় পৃথক দুর্ঘটনায় মারা গেছেন ১৬ জন। সারা দেশে গত ১০৭ দিনে এ নিয়ে সড়ক দুর্ঘটনায় ৯৬২ জনের প্রাণহানি হলো। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:

ফেনী থেকে একটি যাত্রীবাহী বাস খাগড়াছড়ি যাওয়ার পথে গতকাল দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ে করেরহাট ইউনিয়নের বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে পাঁচজন নিহত হয়েছেন। আরও অন্তত ২০ জন আহত। নিহত ব্যক্তিরা হলেন বিবি রহিমা (৪০), মো. ইসমাইল (৪৫), আবু তালেব খান (৫০), আলী আশরাফ খান (৪০) ও নুরুল হক (২৫)। এ ছাড়া উপজেলার বড় দারোগার হাটে দুর্ঘটনায় অজ্ঞাতনামা পথচারী এবং চারিয়া নয়াহাট বাজারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ রুবেল চৌধুরী (৩২) নিহত হয়েছেন।

দিনাজপুরের বিরামপুরে মায়ের সঙ্গে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাক চাপা পড়ে ছয় বছরের শিশু মাইশা। দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে যাত্রীবাহী বাস, ইজিবাইক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন কাহারোল উপজেলার জয়নব বেগম (৫৫) এবং চিরিরবন্দরের গছাহার গ্রামের মাজেদুর রহমান (৩২)। ফরিদপুরের চরভদ্রাসনের মৌলভীরচরে দুপুরে একটি মাহেন্দ্র গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চরভদ্রাসন উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুবোধ চন্দ্র চৌধুরী (৫০) মারা যান। যশোরের অভয়নগরে মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক সোহেল রানা (৩৬) নিহত হন। গাজীপুরের টঙ্গীতে খোরশেদ (৩৫), সাতক্ষীরায় আশাশুনি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোবিন্দ চন্দ্র দাস (৪৯), দেবহাটায় দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৫২) এবং মাদারীপুরে বাসচাপায় আকমিলা বেগম (৩৬) মারা যান।