মিরসরাইয়ে বাসা থেকে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ব্যাংক মিরসরাই শাখার ব্যবস্থাপক মো. সোলেমানের (৪০) রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলা সদরের আশা ভবনের চতুর্থ তলার ভাড়া বাসা থেকে পুলিশ ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত সোলেমানের মুঠোফোনে পরিবারের সদস্য এবং সহকর্মীরা কথা বলেছেন। বেলা তিনটা থেকে মুঠোফোনে তাঁর সঙ্গে কথা বলতে না পেরে ব্যাংকের সহকর্মী মো. তাজুল ইসলাম বিষয়টি থানার পুলিশকে জানান। পরে পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। এ সময় তাঁর দুই হাত বাঁধা ছিল। পুলিশ সোলেমানের বিছানা থেকে একটি খাতা উদ্ধার করে। তাতে আট পাতা জুড়ে অনেক কথা লেখা ছিল।মঙ্গলবার রাতে লাশ নিতে আসা মো. সোলেমানের ছোট ভাই মো. মুসা জানান, তাঁর ভাই আত্মহত্যা করতে পারেন না। তিনি এ মৃত্যুর বিষয়টি তদন্ত করতে পুলিশ সদস্যদের অনুরোধ জানান। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অংসা থোয়াই জানান, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে থানার উপপরিদর্শক তপন বাগচি বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেন।৫ মে ন্যাশনাল ব্যাংক মিরসরাই শাখা থেকে রাজ্জাক শেখ নামের এক প্রতারক প্রতারণার মাধ্যমে চারটি চেকে ১৭ লাখ টাকা তুলে নিয়ে যায়। এ ঘটনায় ৭ মে সোলেমান বাদী হয়ে রাজ্জাক শেখকে আসামি করে মিরসরাই থানায় একটি মামলা করেন। এ ঘটনার পর থেকে তিনি অস্থিরতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ১৭ লাখ টাকা খোয়া যাওয়ার ব্যাপারে তাঁকে দায়ী করছিলেন। এ বিষয়ে মৃত্যুর আগে লিখে যাওয়া চিরকুটে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন।