মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের পথসভার মঞ্চ সরিয়ে দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চট্টগ্রাম যাওয়া উপলক্ষে মিরসরাই উপজেলা বিএনপির বিবদমান দুটি পক্ষ পথসভার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পৃথক দুটি মঞ্চ বানানোর পর তা সেখান থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। পুলিশের বাধার মুখে মঞ্চ ছাড়াই দলীয় নেতা-কর্মীরা একাধিক পথসভা করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও মঞ্চ সরিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।জানা গেছে, দলের নেত্রীকে শুভেচ্ছা জানাতে উপজেলা বিএনপির দুই গ্রুপ উপজেলা সদর ও বারইয়ারহাট পৌর সদরে পৃথকভাবে মঞ্চ তৈরি করে। উপজেলা সদরে ২০০ গজ ব্যবধানে দুই গ্রুপ পৃথক পথসভার আয়োজন করে। সকাল থেকে দলীয় নেতা-কর্মীরা দুই মঞ্চকে ঘিরে জড়ো হতে থাকে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল আমিনের সমর্থকেরা ঢাকা-চট্টগ্রাম মহসড়কের সদর কেন্দ্রীয় কালী বাড়ির পাশে এবং সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক নুরুল আমিনের সমর্থকেরা মিরসরাই প্রেসক্লাব চত্বরে খোলা ট্রাকে মঞ্চ করে পথসভা শুরু করেন। এ সময় মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ উদ্দিন ভূঁঞার নেতৃত্বে বেলা সাড়ে ১১টায় মহাসড়কের পাশ থেকে দুই গ্রুপের মঞ্চ সরিয়ে দেয় পুলিশ। মঞ্চ সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই গ্রুপ পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করে। এরপর মঞ্চ ছাড়াই দুই গ্রুপ পথসভা করেন। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমতিয়াজ উদ্দিন ভূঞা বলেন, বিএনপির দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মঞ্চ সরিয়ে দেওয়া হয়েছে।জানা গেছে, খালেদা জিয়ার গাড়ির বহর বেলা একটা ১০ মিনিটে চট্টগ্রামের প্রবেশদ্বার মিরসরাইয়ে প্রবেশ করে। এ সময় বারইয়ারহাট পৌরসভা ও মিরসরাই সদরে শত শত নেতা-কর্মী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে দলীয় নেত্রীকে শুভেচ্ছা জানান। এ সময় বিএনপির নেত্রীও হাত নেড়ে শুভেচ্ছা জানান।