খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে যাওয়ার পথে সরকারদলীয় নেতা-কর্মীদের হামলায় মিরসরাইয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার করেরহাটে গতকাল শুক্রবার বিকেল প্রায় পাঁচটায় এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে বিএনপির নেতা গোলাম মাওলা (৪১), করেরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (৪২), ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আখতার হোসেন (৩৩), যুবদলের নেতা নিজাম উদ্দিন (৩৩), আবদুল খালেক (৩৪), তোবারক হোসেন, ছাত্রদলের কর্মী আমিন শরীফ (২৩), ইসমাঈল হোসেনের (২৩) নাম জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে ছাগলনাইয়া ও মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।আহতদের অভিযোগ, দলীয় নেত্রীর কক্সবাজার সফরকে কেন্দ্র করে মিরসরাইয়ে দলের নেতা-কর্মীরা গতকাল সকাল থেকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নেয়। বিকেলে করেরহাট থেকে একটি দল সংঘবদ্ধ হয়ে যাত্রা শুরু করলে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে তেড়ে আসে।করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জসিম উদ্দীন হামলার ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে জানান। একটি ব্যক্তিগত কাজে তিনি এলাকার বাইরে ছিলেন। তবে বিকেলে ছাত্রলীগের কর্মীরা করেরহাটে মিছিল করেছেন বলে তিনি জানান। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।