মিরসরাইয়ে বিএনপির ২৭ নেতা-কর্মী গ্রেপ্তার!
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির ২৭ জন নেতা-কর্মীকে গতকাল রোববার গ্রেপ্তার করেছে পুলিশ।উপজেলা বিএনপির দাবি, নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো মামলা নেই। এর পরও জানুয়ারির রোডমার্চ সামনে রেখে তাঁদের গণহারে গ্রেপ্তার করছে পুলিশ।উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল আমিন প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত বিএনপি, ছাত্রদল ও যুবদলের ২৭ জন নেতা-কর্মীকে প্রেপ্তার করেছে পুলিশ। তিনি অবিলম্বে এসব নেতা-কর্মীর মুক্তি ও বিশেষ অভিযানের নামে গণহারে গ্রেপ্তার বন্ধের দাবি জানান।এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে পুলিশ বলেছে, অভিযান চলছে, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।তবে সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল, সীতাকুণ্ড) সৈয়দ আবদুল আলী বলেন, আজ সোমবার অভিযান শেষে এ-সংক্রান্ত সব তথ্য দেওয়া হবে।