মিরসরাইয়ে বিদ্যুতের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
মিরসরাইয়ে অস্বাভাবিক লোডশেডিং বন্ধ ও আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে (অটো সুইচ) অপসারণের দাবিতে পৌর বাজারের ব্যবসায়ীরা গতকাল রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করেছেন। তাঁরা পল্লী বিদ্যুৎ সমিতির মিরসরাই কার্যালয় ঘেরাও এবং সমাবেশও করেন। বাজারের ব্যবসায়ীরা গতকাল সকাল ১০টা থেকে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করেন। তাঁরা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিদ্যুৎ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ চলাকালে সমাবেশে ব্যবসায়ীরা অভিযোগ করেন, বারবকুণ্ডে পিডিবির ৩৩ কেভি ফিডারে মিরসরাইয়ের বিদ্যুৎ সঞ্চালন মুখে আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে স্থাপনের কারণে উপজেলায় দৈনিক ১৫ থেকে ১৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। একপর্যায়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মিরসরাই শাখার ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান সমাবেশে এসে ঘোষণা দেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে বারবকুণ্ড থেকে আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে অপসারণের ব্যবস্থা করা হবে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, জনগণকে শান্ত করতে বেশ বেগ পেতে হয়েছে।