মিরসরাইয়ে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল সোমবার চট্টগ্রামের মিরসরাইয়ে বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। ক্ষুব্ধ গ্রাহকেরা এ সময় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মিরসরাই আঞ্চলিক কার্যালয়ের সামনে অবস্থান নেন। স্থানীয় সূত্র জানায়, এর আগে গত রোববার ক্ষুব্ধ গ্রাহকেরা চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মহাব্যবস্থাপক (জিএম) আবদুল কুদ্দুসকে লাঞ্ছিত করেন। গ্রাহকেরা বলেন, এই ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আলাউদ্দিনসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের নামে ষড়যন্ত্রমূলকভাবে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত বিক্ষোভকারীরা পল্লী বিদ্যুৎ সমিতির মিরসরাই আঞ্চলিক কার্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করেন। এ সময় গ্রাহকেরা অভিযোগ করেন, কোনো ঘোষণা ছাড়াই মিরসরাইয়ে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং দেওয়া হয়।সমাবেশে গ্রাহকেরা মিরসরাইয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ মো. আলাউদ্দিনের নামে দেওয়া অভিযোগ প্রত্যাহার, বিদ্যুৎ লাইন বন্ধের আগে মাইকিং করে জানানো, জিএম আবদুল কুদ্দুসকে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ থেকে অপসারণসহ বিভিন্ন দাবি জানান। গ্রাহকেরা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তীকালে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর পরিচালক মো. দেলোয়ার হোসেন, সমীর মল্লিক ও মো. আলী আহসান বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। পরে পরিচালক দেলোয়ার হোসেন গ্রাহকদের সমাবেশে বক্তব্য দেন। সমাবেশে তিনি বলেন, পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দাবির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এই আশ্বাসের পর গ্রাহকেরা আন্দোলন স্থগিত করেন। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর জিএম (চলতি দায়িত্ব) আবদুল কুদ্দুস বলেন, সমিতির সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।