মিরসরাইয়ে বেইলি সেতু ভেঙে খালে

চট্টগ্রামের মিরসরাইয়ে অতিরিক্ত বালুবাহী ট্রাকের ভারে একটি বেইলি সেতু ভেঙে খালে পড়ে গেছে। এতে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। আজ বুধবার ভোররাত সাড়ে চারটায় বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের মিরসরাইয়ের করেরহাট এলাকার লক্ষ্মীছড়ি খালের ওপর এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট প্রজেক্ট’ নামের একটি প্রকল্পের আওতায় বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের বারইয়ারহাট থেকে রামগড় পর্যন্ত এলাকায় আটটি কালভার্ট ও আটটি সেতু তৈরির কাজ করছে কনকর্ড প্রগতি কনসোর্টিয়াম লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কের করেরহাট বাজার এলাকায় সেতুর কাজ চলমান থাকায় যান চলাচলের জন্য বিকল্প সড়কে ২০ মিটার দৈর্ঘ্যের একটি বেইলি সেতু বানায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। আজ ভোররাত সাড়ে চারটায় অতিরিক্ত বালুবাহী একটি ট্রাক সেতুটিতে উঠলে তা ভেঙে খালে পড়ে যায়। এরপর বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঠিকাদারি প্রতিষ্ঠান কনকর্ড প্রগতি কনসোর্টিয়াম লিমিটেডের প্রকল্প কর্মকর্তা উত্তম কুমার সাহা প্রথম আলোকে বলেন, বিকল্প সড়কে তৈরি বেইলি সেতুগুলোর ওজন বহনের ক্ষমতা ১০ টন। কিন্তু নিয়ম অমান্য করে এসব সেতু দিয়ে প্রতিদিন ২০ থেকে ২৫ টন ওজনের বালুবাহী ট্রাক চলাচল করছিল। ভেঙে যাওয়ার উপক্রম হলে এর আগেও সেতুগুলো বেশ কয়েকবার মেরামত করা হয়েছিল। বড় দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত মালবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করতে সড়ক বিভাগের পক্ষ থেকে উপজেলা প্রশাসন, পুলিশ ও বালুমহালের মালিকদের বেশ কয়েকবার চিঠি দিলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যোগাযোগব্যবস্থা সচল করতে চেষ্টা চলছে।
দুর্ঘটনাস্থলে থাকা জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল প্রথম আলোকে বলেন, সেতু ভেঙে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আজ সকালে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক এলাকার কিছু জায়গায় যানজট সৃষ্টি হয়েছিল। এখন তা নিয়ন্ত্রণে আছে।