মিরসরাইয়ে ব্যবসায়ী দুই দিন ধরে নিখোঁজ
মিরসরাইয়ের মিঠাছড়া এলাকার নান্টু নাথ (২৮) নামের এক পোলট্রি ব্যবসায়ীকে দুই দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের দাবি, তাঁকে গুম করা হয়েছে। এ ব্যাপারে মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।নিখোঁজ ব্যবসায়ীর নাম নান্টু নাথ (২৮)। তাঁর গ্রামের বাড়ি সীতাকুণ্ড পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে। বাবার নাম পেলু নাথ। নিখোঁজ ব্যক্তির বড় ভাই মিন্টু নাথ জানান, তাঁরা সীতাকুণ্ডের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁদের বাবার নাম পেলু নাথ। নান্টু মিরসরাইয়ে মিঠাছড়ায় তার খালাতো ভাই সজল দেবনাথের বাড়িতে থেকে ২০০১ সাল থেকে পোলট্রি ব্যবসা শুরু করেন। গত বৃহস্পতিবার সকালে সজল ফোন করে জানান, নান্টুকে পাওয়া যাচ্ছে না। খালাতো ভাই সজল জানান, নান্টু খামারেই থাকতেন। বৃহস্পতিবার সকালে সেখানকার কর্মচারী হারাধন তাঁকে ফোনে জানায়, নান্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর মুঠোফোনটিও বন্ধ। তিনি খামারে এসে দেখেন, নান্টুর শোবার ঘরের দরজা খোলা। মেঝেতে ফোঁটা ফোঁটা রক্ত।মিরসরাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।