মিরসরাইয়ে ব্যালট পেপার চুরি, এক ইউপির ফলাফল স্থগিত
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট চলাকালে ব্যালট পেপার চুরি ও কেন্দ্রে গোলযোগ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। তাই হাইতকান্দি ইউপির ফলাফল ঘোষণা করা হয়নি। গতকাল মঙ্গলবার মিরসরাই উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন হয়।সরেজমিনে বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে মহিলা ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে ভোট গ্রহণে ধীরগতি দেখা যায়। হিঙ্গুলি ইউনিয়নের খিলহিঙ্গুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. হানিফ ভূঁইয়া জানান, তিনটি ভোট (চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য) দিতে মহিলারা বেশি সময় নিচ্ছেন। অন্যান্য প্রিসাইডিং কর্মকর্তাও একই মন্তব্য করেন।গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া সরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার চুরির কারণে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়।প্রত্যক্ষদর্শী ও ভোটারদের সূত্রে জানা গেছে, ছয়টি ব্যালট পেপারের বই (প্রতিটি ১০০ পাতা করে ৬০০ পাতা) চুরির ঘটনা ধরা পড়ায় ওই কেন্দ্রে নির্বাচন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা সুনীল কান্তি বড়ুয়া ব্যালট পেপার চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পোলিং এজেন্টদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় ছয়টি ব্যালট পেপার চুরির বিষয়টি আমার নজরে আসে। আমি তাৎক্ষণিক বিষয়টি রিটার্নিং কর্মকর্তা হারুন-উর রশীদকে জানালে তিনি ভোট গ্রহণ বন্ধ করার নির্দেশ দেন।’ দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচ নম্বর ওসমানপুর ইউনিয়নের এক নম্বর হাজি কামাল পাশা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগ সৃষ্টির অভিযোগে শরিফুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী বলেন, ‘বহিরাগত যুবক ছাত্র বলে তাঁকে লঘুদণ্ড দেওয়া হয়েছে।’এর আগে ওসমানপুর ইউপির বিএনপি-সমর্থক প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন অভিযোগ করেন, এক নম্বর হাজি কামাল পাশা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিছু বহিরাগত যুবক গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে।হিঙ্গুলি ইউপির ছয় নম্বর এরশাদ উল্লাহ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শেষে তিনটি বই থেকে ২১০টি ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। হিঙ্গুলি ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুছ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ওই ইউনিয়নের নির্বাচনের ফলাফলে কোনো প্রভাব ফেলবে না।’নির্বাচনে বিজয়ী যাঁরাশাহেরখালী ইউনিয়নে নূরুল মোস্তফা, ধুমে তারেক ইসমত, সদরে জাফর চৌধুরী, জোরারগঞ্জে মকছুদ আহমেদ চৌধুরী, হিঙ্গুলিতে ইফতেখার উদ্দিন, মিঠানালায় এস এম আবু তাহের, ওসমানপুরে মোজাম্মেল হক, দুর্গাপুরে সাইফুল ইসলাম, কাটাছড়ায় নূরুল আনোয়ার, ইছাখালীতে নূরুল আফসার, ওয়াহেদপুরে মো. সালাউদ্দিন, মগাদিয়ায় শাহীনুল কাদের চৌধুরী, খৈয়াছড়ায় জাহেদ ইকবাল চৌধুরী এবং মায়ানী ইউনিয়নে কবীর আহমেদ বিজয়ী হয়েছেন।