মিরসরাইয়ে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিলেটগামী পাহাড়িকা
চট্টগ্রামের মিরসরাইয়ে গতকাল রোববার বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সিলেটগামী ট্রেন পাহাড়িকা। সকাল সোয়া আটটার দিকে চট্টগ্রাম থেকে ১৪টি বগিতে প্রায় ৭০০ যাত্রী নিয়ে ছেড়ে আসে পাহাড়িকা। জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে মিরসরাইয়ের উত্তর আমবাড়িয়া এলাকায় পৌঁছালে পাহাড়িকার চার নম্বর বগির পেছনের চাকার হেঙ্গার-আইবোল্ট ভেঙে লাইনের সঙ্গে আটকে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনের বগি আটকে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মেইন (আপলাইন) রেললাইনে প্রায় ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।পাহাড়িকা ট্রেনের ক্যারেজ টেনডেন্ট (বগির দায়িত্বে থাকা কর্মকর্তা) মো. ফজলুল হক জানান, ট্রেনটি উত্তর আমবাড়িয়া এলাকায় পৌঁছালে হঠাৎ চার নম্বর বগির পেছনের চাকার হেঙ্গার-আইবোল্ট ভেঙে বিকট শব্দ হয় এবং চাকা লাইনের সঙ্গে আটকে যায়। সঙ্গে সঙ্গে ট্রেন থামানো হয়। আধা ঘণ্টা পর ট্রেনের সামনের তিনটি বগি চিনকি আস্তানা স্টেশনে এবং পেছনের ১০টি বগি সীতাকুণ্ড স্টেশনে নেওয়া হয়। দুই ঘণ্টা পর অন্য একটি ইঞ্জিনের সাহায্যে সীতাকুণ্ডের বগিগুলো চিনকি আস্তানায় নিয়ে দুপুর ১২টায় ১৩টি বগি নিয়ে পাহাড়িকা সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আবদুল কুদ্দুস (সীতাকুণ্ড) জানান, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের আপলাইন বন্ধ থাকলেও কিছুক্ষণ পর থেকে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।