মিরসরাইয়ে মাদক বিরোধী সমাবেশ শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাদক থেকে নতুন প্রজম্মকে রক্ষা করুন’—এই স্লোগান নিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় গতকাল শনিবার মাদকবিরোধী সমাবেশ ও শোভাযাত্রা হয়েছে। সমাবেশ শেষে এলাকার সহস্রাধিক যুবক মাদকবিরোধী শপথ নেন। বড়তাকিয়া সচেতন মাদকবিরোধী কমিটির উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করেছে সমমনা সংঘ, সোপান ক্লাব ও স্মরণিকা সংঘ। বেলা ১১টায় খইয়াছড়া উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশে কমিটির আহ্বায়ক জসীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন। বক্তব্য দেন বিআরটিসির পরিচালক শেখ আতাউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিন, রফিকুজ্জমান, এস এম সরওয়ার উদ্দিন, জাহেদ ইকবাল চৌধুরী, মোহাম্মদ আলী জিন্নাহ, বোরহান উদ্দিন প্রমুখ। সমাবেশে উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পারলে সন্ত্রাসমুক্ত সমাজ গড়া সম্ভব। তিনি আগামী এক মাসের মধ্যে মিরসরাইকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ার ঘোষণা দেন। সমাবেশ শেষে এলাকার সহস্রাধিক যুবককে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান কমিটির আহ্বায়ক জসীম উদ্দিন। পরে বড়তাকিয়া বাজার এলাকায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় এলাকার সচেতন নাগরিক ছাড়াও খইয়াছড়া উচ্চবিদ্যালয়, আবুল কাশেম বালিকা বিদ্যালয়, এনসি প্রাথমিক বিদ্যালয়, পিএন প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম খইয়াছড়া প্রাথমিক বিদ্যালয় এবং বড়তাকিয়া জাহেদিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীরা অংশ নেয়।