মিরসরাইয়ে মাদ্রাসার প্রধানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট গনিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। মাদ্রাসা পরিচালনা কমিটি এ বিষয়ে উপজেলা নির্বাহী (ইউএনও) কমিটির কাছে একটি চিঠি দিয়েছে। তবে অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান নিজেকে নির্দোষ দাবি করেন।মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. এনায়েত হোসেন জানান, গত বছর ১০ অক্টোবর পরিচালনা পরিষদের সভায় একটি নিরীক্ষা কমিটি হয়। ওই কমিটি ২০০৬ থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত আয়-ব্যয়ের কাগজপত্র নিরীক্ষা করে দুই লাখ ৮৯ হাজার ৯০৫ টাকার গরমিল দেখতে পান। ইউএনও বরাবর মাদ্রাসা পরিচালনা কমিটির লেখা চিঠিতে দাবি করা হয়, গত ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পরিচালনা পরিষদের সভায় অধ্যক্ষ শাহজাহান হিসাবে গরমিলের জন্য ক্ষমা চান এবং পর্যায়ক্রমে টাকা ফেরত দেওয়ার লিখিত অঙ্গীকার করেন। অঙ্গীকার অনুযায়ী গত ১৫ ফেব্রুয়ারি প্রথম কিস্তির ৭৫ হাজার টাকা এবং ২৮ ফেব্রুয়ারি (গতকাল) আরও ৭৫ হাজার টাকা মাদ্রাসা তহবিলে ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি টাকা ফেরত না দিতে নানা প্রতারণার আশ্রয় নিচ্ছেন।অধ্যক্ষ শাহজাহান দাবি করেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।’ নিরীক্ষা কমিটির প্রতিবেদন পেশ এবং সভায় তা অনুমোদন করার সময় প্রতিবাদ করেননি কেন এমন প্রশ্নের উত্তরে অধ্যক্ষ বলেন, ‘পরিচালনা কমিটির কেউ আমার কথা শুনতে চাননি।’ এ বিষয়ে ইউএনও বা উপজেলা মাধ্যমিক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সঙ্গে সঙ্গে জানাইনি। তবে গত ১৩ ফেব্রুয়ারি ইউএনওকে লেখা একটি আবেদনে প্রতিকার চেয়েছি।’ অর্থ ফেরত দেওয়ার অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, জোর করে পরিচালনা কমিটি তাঁর কাছ থেকে ওই অঙ্গীকার নিয়েছিল। মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি এনায়েত হোসেনসহ কয়েকজন সদস্য অবশ্য দাবি করেন, ‘জোর করে অধ্যক্ষের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়ার প্রশ্নই আসে না।