মিরসরাইয়ে মৎস্য খামারে সন্ত্রাসীদের হামলা
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মুহুরী প্রকল্প এলাকার একটি মৎস্য খামারে সন্ত্রাসীদের হামলায় সাতজন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের পূর্ব ইছাখালী কোম্পানীনগর মৌজার সিডিএসপির বাঁধের পূর্ব পাশে অবস্থিত ওই প্রকল্পের একটি মৎস্য খামারে গতকাল রোববার দুপুরে একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে কমপক্ষে সাতজন আহত হয়। আহতদের মধ্যে মো. শহীদের অবস্থা গুরুতর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা পরে মৎস্য ব্যবসায়ী আবুল কাশেম সওদাগরের পুকুর থেকে মাছ লুট করে নিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, হামলায় আহত শহীদের বাবা মো. আবুল বশর বাদী হয়ে গতকাল রাতে সন্ত্রাসী শামসুকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন।