মিরসরাইয়ে যুবলীগ নেতার আঙুল কাটার ঘটনায় মামলা
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় যুবলীগ নেতা এনামুল হকের হাতের আঙুল কেটে ফেলার ঘটনায় ছাত্রলীগের এক নেতাকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এনামুলের ছোট ভাই নিজামুল হক গতকাল শনিবার হত্যাচেষ্টার অভিযোগে মিরসরাই থানায় এ মামলা করেন।মামলার আসামিরা হলেন উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস খান, মিরসরাইয়ের জয়নাল আবেদীন, সাজু, নূর উদ্দিন, ফারুক, রাজন, সোহেল, কালাম ও বাহার।বাদী নিজামুল গতকাল বেলা ১১টার দিকে থানায় এজাহার দিলেও পুলিশ সন্ধ্যার দিকে মামলাটি অন্তর্ভুক্ত করে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও পুলিশ গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে এনামুলের ওপর হামলার ঘটনার প্রত্যক্ষদর্শী ঠাকুরদীঘি বাজারের ব্যবসায়ী মো. ইসমাইলকে গতকাল মামলায় সাক্ষী করার ব্যাপারে বাদীপক্ষ থানায় আলোচনা করে। বিষয়টি টের পেয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা ফেরদৌস মুঠোফোনে তাঁকে সাক্ষী না হওয়ার জন্য হুমকি দেন। এ ব্যাপারে ইসমাইল গতকাল মিরসরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরে ইসমাইলকে নিজামুলের মামলায় সাক্ষী করা হয়নি।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে মিরসরাই উপজেলার ঠাকুরদীঘি বাজারে প্রকাশ্যে ছাত্রলীগ নেতা ফেরদৌস খান ও তাঁর সহযোগীরা রামদা দিয়ে উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এনামুল হকের দুই হাতের তিনটি আঙুলের ওপরের অংশ কেটে ফেলে এবং কুপিয়ে গুরুতর আহত করে। আহত এনামুল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। আহত এনামুল হকের ভাই মামলার বাদী নিজামুল হক অভিযোগ করে বলেন, ‘গতকাল বেলা ১১টায় এজাহার দিলেও মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁদের রাতে দেখা করতে বলেন। আমার ভাইয়ের ওপর হামলাকারীরা এলাকায় প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাদের ধরছে না।’মিরসরাই থানার ওসি হুমায়ুন কবির জানান, নিজামুল হক ও মো. ইসমাইল দুটি এজাহার দিয়েছেন। নিজামুলের এজাহারটি সন্ধ্যায় মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসমাইলের এজাহারটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নেওয়া হবে।