মিরসরাইয়ে শিল্পপার্কের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন শিল্পমন্ত্রীর
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের মিরসরাই উপজেলায় শিল্পপার্ক গড়ে তোলার জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করছেন। তিনি বলেছেন, শিগগিরই আন্তমন্ত্রণালয়ের সভায় এই পার্ক গড়ে তোলার বিষয়টি চূড়ান্ত হবে।মিরসরাইয়ের ইছাখালী চরাঞ্চলের উপকূলীয় এলাকায় প্রায় ১৭ হাজার একর জমির ওপর এই পার্ক গড়ে তোলার কথা রয়েছে। দিলীপ বড়ুয়া বলেন, এখানে পার্ক গড়ে তোলার জন্য সরকারি চাহিদার চেয়েও বেশি খাসজমি রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মিরসরাইয়ে শিল্পপার্ক গড়ে তোলার লিখিত নির্দেশ পাওয়ার পর এই অঞ্চলটি ঘুরে দেখা হলো। তিনি বলেন, শিল্পপার্ক গড়ে তোলা হলে দেশের উন্নয়ন হবে। এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসমাইল হোসেন, চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মুক্তার হোসেন, পার্বত্য চট্টগ্রাম প্রকল্প পরিচালক (এলজিইডি) স্বপন কুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।