মিরসরাইয়ে সওজ কার্যালয়ে দুর্ঘটনায় শ্রমিক নিহত
চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে অবস্থিত সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) শাখা কার্যালয়ে এমএস পাইপের (লোহার পাইপ) নিচে পড়ে মনির মিয়া (২৩) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নূরুল আবসার নামের ওই কার্যালয়ের এক কার্যসহকারীকে (ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট) আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার লোহারপুল এলাকায় একটি সেতুর সংস্কারকাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান আমিনউল্যা ট্রেডার্স। এ কাজ করতে করেরহাট সওজের শাখা থেকে প্রতিষ্ঠানটি গতকাল এমএস পাইপ নিচ্ছিল। কয়েকজন শ্রমিক ট্রাকে এসব পাইপ তুলছিলেন। হঠাৎ একটি পাইপ ট্রাক থেকে মনিরের মাথায় এসে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।দুর্ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে পাইপের দেখভালের দায়িত্বে থাকা কার্যসহকারী নূরুল আবসারকে আটক করে থানায় নিয়ে আসে। নূরুল আবসার প্রথম আলোকে পক্ষ থেকে জানতে চাওয়া হয়, কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে সরকারি জিনিসপত্র দেওয়ার নিয়ম আছে কি না। তিনি এর কোনো জবাব দেননি। সরকারি জিনিসপত্র এভাবে নেওয়া বৈধ কি না, তা আমিন উল্যাহ ট্রেডার্সের পরিচালক মো. হাসানকেও ফোনে জিজ্ঞেস করা হয়। তিনিও এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি। বিভাগীয় উপসহকারী প্রকৌশলী সুমন সিংহ (সীতাকুন্ড) মুঠোফোনে বলেন, ‘মঙ্গলবার (১৫ জুন) অফিসে আসুন, সামনাসামনি কথা বলা যাবে। এর আগে ঠিকাদার আপনার সঙ্গে দেখা করবে।’ মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, বিষয়টি সওজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্মকর্তারা এলে তাঁদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।