মিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় আহত ২, অস্ত্রসহ আটক ১
চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় দুই ব্যক্তি আহত হয়েছে। গত সোমবার রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের প্রজেক্ট সড়কের মুখে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় গোপীনাথপুর এলাকার সুকুমার বণিক ও মো. রনি গুরুতর আহত হন। আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় জনগণ হামলাকারী মো. আরিফকে তাঁর ব্যবহূত মোটরসাইকেল ও অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে।আহত সুকুমারের ভাতিজা জয়ন্ত বণিক জানান, সোমবার রাতে তাঁরা কাকা সুকুমার বণিক ও মো. রনি প্রজেক্ট সড়কের মুখে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে মো. আরিফের নেতৃত্বে চার-পাঁচজন সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা সুকুমার বণিক ও মো. রনিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে একটি দেশীয় তৈরি বন্দুক (এলজি), দুটি কার্তুজ, দুটি ধারালো ছুরি ও সন্ত্রাসীদের ব্যবহূত একটি মোটরসাইকেলসহ মো. আরিফকে আটক করে। বাকি সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলার মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম সেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যায়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ইমতিয়াজ উদ্দিন ভূঞা অস্ত্রসহ মো.আরিফকে আটকের কথা স্বীকার করে বলেন, হামলার ঘটনায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।