মিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় দুই ব্যবসায়ী আহত, গ্রেপ্তার ১
চট্টগ্রামের মিরসরাইয়ে দুই ব্যবসায়ীর ওপর হামলা করেছে একদল সন্ত্রাসী। গত রোববার রাত প্রায় নয়টার দিকে উপজেলার নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ বাজারে (সরকারহাট) এ হামলার ঘটনা ঘটে।হামলায় আহত ব্যবসায়ীরা হলেন আবদুল মান্নান ও মোহামঞ্চদ মনজু। ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল সোমবার সকালে ব্যবসায়ীরা সমাবেশ করেছেন। এরপর তিন ঘণ্টা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে তাঁরা প্রতিবাদ জানিয়েছেন। নিজামপুর বাজার উন্নয়ন কমিটির সভাপতি আবুল হাসেম জানান, রোববার রাত নয়টার দিকে ডাকঘর এলাকার আলমগীরের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাজারের ট্রাভেল ব্যবসায়ী আবদুল মান্নান ও মনজুর ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ব্যবসায়ীদের ব্যবসাপ্রতিষ্ঠানও ভাঙচুর করে। এ ব্যাপারে ব্যবসায়ীরা জানান, সাংসদের পরামর্শে এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মিরসরাই থানায় মামলা করা হয়। অভিযুক্ত আলমগীরকে পুলিশ রোববার রাতে গ্রেপ্তার করে। বাজার উন্নয়ন কমিটির সভাপতি আবুল হাসেম জানান, ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে ও বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে নিজামপুর বাজারের দুই শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান গতকাল সোমবার সকালে তিন ঘণ্টা বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশ করেন ব্যবসায়ীরা। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান জানান, মামলা করার পরিপ্রেক্ষিতে ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।