মিরসরাইয়ে সমাবেশ করবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ের বিভিন্ন স্থানে আজ শুক্রবার বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। আর মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এদিকে পুলিশ জানিয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নুরুল আমিন জানান, শুক্রবার বিকেল তিনটা থেকে বারইয়ারহাট ও মিরসরাই পৌরসভা, বড়তাকিয়া ও ছোটকমলদহ এলাকায় শান্তিপূর্ণ সমাবেশ করবে বিএনপি।
বিএনপির আরেক পক্ষের নেতা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহসম্পাদক নুরুল আমিন বলেন, শুক্রবার মিরসরাইয়ের ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় বিক্ষোভ মিছিল করবেন তাঁরা। জামায়াতও তাঁদের কর্মসূচিতে অংশ নেবে।
এদিকে আওয়ামী লীগ জানিয়েছে, ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় তাদের নেতা-কর্মীরা অবস্থান করবেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ প্রসঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির বলেন, দলের কর্মীরা ২২টি স্থানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। তাঁরা সহিংসতায় জড়াবেন না। তবে বিএনপি-জামায়াত যদি কোনো সহিংসতা করে, তা রুখে দেওয়া হবে।
মিরসরাই উপজেলা জামায়াতের আমির মো. নুরুল করিম বলেন, বিএনপির বিবদমান দুই পক্ষের যে অংশ মাঠে আছে, তাদের কর্মসূচিতে জামায়াত অংশ নেবে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান ও মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া বলেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটে—কাউকেই এমন কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।