মিরসরাইয়ে সাতটি বসতঘর পুড়ে ছাই
চট্টগ্রামের মিরসরাইয়ে গত মঙ্গলবার গভীর রাতে পৃথক দুটি ঘটনায় আগুন লেগে সাতটি বসতঘর পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে।উপজেলার খইয়াছড়া ইউনিয়নের দক্ষিণ আমবাড়িয়া এবং মিঠানালা ইউনিয়নের দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনের কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অভিযোগ করেন, উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোনো কার্যালয় না থাকায় আগুন লাগার ঘটনা ঘটলেও বেশির ভাগ সময়েই পুড়ে যাওয়ার দৃশ্য দেখা ছাড়া কিছুই করার থাকে না।দক্ষিণ আমবাড়িয়া গ্রামের আবু তাহেরের ভাষ্যমতে, মঙ্গলবার রাতে একই গ্রামের লুৎফর রহমানের বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। এ সময় পাশের মো. ইরান, মো. তারা মিয়া ও তাঁর নিজের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে মূল্যবান মালামাল পুড়ে যায়। অন্যদিকে, একই রাতে উপজেলার মিঠানালা ইউনিয়নের দাসপাড়া গ্রামের ডাক্তারবাড়িতে আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে গেছে।আগুনে ক্ষতির শিকার মৃদুল কান্তির ভাষ্যমতে, রাত প্রায় একটায় তাঁদের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তাঁদের তিনটি বসতঘর পুড়ে যায়। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার, রেফ্রিজারেটর, টেলিভিশন, আসবাবসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের এবং খইয়াছড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারগুলো আগুন থেকে কিছুই বাঁচাতে পারেনি।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, পুলিশ গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছে।