মিরসরাইয়ে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে শাহাদাত হোসেন নামের সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের বাগানের রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় শাহাদাত হোসেনকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার করেরহাট বাজারের তরকারি ব্যবসায়ী আলাউদ্দিন জানান, তিনি ও শাহাদাত একত্রে ঢাকা থেকে ফিরছিলেন। বৃহস্পতিবার রাত তিনটার দিকে তাঁরা বারইয়ারহাট পৌঁছান। সেখানে বাস থেকে নেমে অটোরিকশা নিয়ে করেরহাট ইউনিয়নের ঘেরামারা এলাকার বাড়িতে যাওয়ার জন্য বাগানের রাস্তায় আসেন। এরপর হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর মুখোশ পরা ছয়-সাতজন সন্ত্রাসী তাঁদের পথ রোধ করে। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দেখিয়ে শাহাদাতকে জিম্মি করে রামগড় সড়কের পাশে বাগানের ভেতরে নিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। এ সময় তিনি (আলাউদ্দিন) সন্ত্রাসীদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান।হাসপাতালে চিকি ৎসাধীন শাহাদাত হোসেন জানান, সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে ক্ষতস্থানে ব্যাটারির এসিড ঢেলে দেয়। একপর্যায়ে তাঁর মৃত্যু হয়েছে ভেবে সন্ত্রাসীরা চলে যায়। কিছুক্ষণ পর আলাউদ্দিন করেরহাট থেকে আরও কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন।শাহাদাত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু সন্ত্রাসী তাঁকে হত্যার হুমকি দিয়ে আসছে। তিনি এ ব্যাপারে মিরসরাই থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) এবং আদালতে মামলা করেছেন। বৃহস্পতিবার রাতের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান।শাহাদাত হোসেন উপজেলার খইয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। এর আগে শাহাদাত হোসেনের দায়ের করা মামলার তদন্ত করছেন মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মিল্কি।