মিরসরাইয়ে স্কুলছাত্র রহস্যজনকভাবে গুলিবিদ্ধ
চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। তার নাম হাসান মাহমুদ ওরফে তানভির। তানভির উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদুপুর গ্রামের সেকান্তর মিয়ার ছেলে।
আজ শনিবার বিকেল পাঁচটার দিকে নিজামপুর বাজারের একটি কফি হাউজে সে গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে কীভাবে, কার গুলিতে তানভির আহত হয়, সেটা জানা সম্ভব হয়নি। এ ব্যপারে তানভীরের বাবা মুখ খুলতে চাননি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান, স্কুল ছুটির পর কয়েকজন সহপাঠীকে নিয়ে বাজারের বাণিজ্য বিতানের দ্বিতীয় তলার কফি হাউজে যায় তানভির। বিকাল পাঁচটার দিকে ওই স্থানে একটি গুলির শব্দ হয়। পরে বাজারের লোকজন গিয়ে ওই কফি হাউজ থেকে তানভিরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তানভিরের উরুতে গুলি লাগে।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাণিজ্য বিতানের কফি হাউজে স্কুলছাত্র গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। তবে আহতকে কোথায় চিকিত্সা দেওয়া হচ্ছে, তা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি।
তবে গুলিবিদ্ধ তানভিরের বাবা সেকান্তর মিয়া সন্ধ্যার পর জানিয়েছেন, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ সময় তিনি ঘটনার বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।
আজ রাত ১০টা ২০ মিনিটে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গুলিবিদ্ধ ছাত্রটির নাম হাসান মাহমুদ ওরফে তানভির। কী কারণে, কীভাবে সে গুলিবিদ্ধ হলো, সে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।