মিরসরাইয়ে স্থগিত এক কেন্দ্রে আজ পুনরায় ভোট
চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের স্থগিত হওয়া ৬ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ বৃহস্পতিবার পুনরায় ভোট নেওয়া হবে। সকাল সাতটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হারুন-উর-রশিদ জানান, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে নির্বাচনে দায়িত্ব পালনকারী সব কর্মকর্তা হাইতকান্দি এলাকায় পৌঁছেছেন। মিরসরাই থানার ওসি মো. ইফতেখার হাসান বলেন, নির্বাচন কেন্দ্রে কোনো ধরনের বল প্রয়োগ করতে দেওয়া হবে না।সংশোধনী: গতকাল বুধবার প্রথম আলোর ৪ নম্বর পৃষ্ঠায় এ সংক্রান্ত সংবাদে ভুলক্রমে লেখা হয়েছে, ‘নির্বাচনে বল প্রয়োগ ও ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়ায় গত ৭ জুন নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছিল।’ প্রকৃতপক্ষে ৬ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে ছয়টি ব্যালট পেপারের বই খোয়া যায়। এ জন্য ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।