মিরসরাইয়ে স্থগিত কেন্দ্রে কাল ভোট
চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থগিত হওয়া ৬ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগামীকাল বৃহস্পতিবার আবার ভোট নেওয়া হবে। নির্বাচনে আওয়ামী লীগের সমর্থক প্রার্থী বল প্রয়োগ ও ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ ওঠার পর ভোট নেওয়া স্থগিত করা হয়। মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দীন জানান, হাইতকান্দি ইউপির ৬ নম্বর ওয়ার্ডে মোট ভোটার এক হাজার ১৩ জন। ওই কেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী ও শুধু ওই ওয়ার্ডের সাধারণ সদস্য (পুরুষ) এবং সংরক্ষিত মহিলা সদস্যপদের ফলাফল ঘোষণা করা হয়নি। কাল ওই কেন্দ্রে পুনরায় ভোট হবে। নির্বাচন কার্যালয় সূত্র জানায়, হাইতকান্দি ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী ছয়জন। এর মধ্যে গত ৭ জুন অনুষ্ঠিত নির্বাচনে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী (জাহাজ) ও মো. ছালাহউদ্দিনের (দেয়ালঘড়ি) মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। অন্য আট কেন্দ্রের ফলাফলে জাহাঙ্গীর তিন হাজার ৩৯৮টি ভোট এবং ছালাহউদ্দিন তিনি হাজার ৩৪৮টি ভোট পেয়েছিলেন। চেয়ারম্যান পদপ্রার্থী ছালাহউদ্দিন অভিযোগ করেন, জাহাঙ্গীর কবির মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে না। ইতিমধ্যে জাহাঙ্গীর কবির ঘোষণা দিয়েছেন, তিনি জিতলেও চেয়ারম্যান, হারলেও চেয়ারম্যান। তা ছাড়া তিনি পরাজিত হবেন নিশ্চিত জেনে নিরীহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছেন। এসব অভিযোগ জানিয়ে ছালাহউদ্দিন নির্বাচন কমিশন, মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সবার কাছে আবেদন পাঠিয়েছেন।অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর কবির বলেন, ‘ছালাহউদ্দিনের অভিযোগ অবান্তর। কারণ প্রভাব খাটিয়ে নির্বাচন করলে আমি ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইতাম না।’নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী মিরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হারুন-উর-রশিদ জানান, নিরপেক্ষ নির্বাচন করার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে, প্রিসাইডিং কর্মকর্তা মিরসরাই উপজেলা প্রশাসনের বাইরে থেকে দেওয়া হচ্ছে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হাসান প্রথম আলোকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরপেক্ষ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে কোনো ধরনের বল প্রয়োগ মেনে নেওয়া হবে না।