মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে গতকাল শনিবার তিনজনের মৃত্যু হয়েছে। এতে দুই শিশুসহ আরও তিনজন আহত হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোরে ধুমঘাট সেতুর দক্ষিণ পাশে ঢাকাগামী ট্রাকের সঙ্গে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির চালক মো. জামাল হোসেন (২৫) ও যাত্রী খদিজা আক্তার (১৪) ঘটনাস্থলে মারা যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কাজী বদরুন্নেসা জেমি (৩৫) নামের আরেক যাত্রী মারা যান। এ ছাড়া শেখ হারুন-উর-রশিদ ওরফে নোমান নামে এক প্রকৌশলী আহত হন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে এ দুর্ঘটনায় নোমান ও বদরুন্নেসা-দম্পতির দুই শিশুসন্তান আমেনা মরিয়ম (৩) ও ফাতেমা-তুজ-জোহরা (২) বেঁচে গেছে।দুর্ঘটনায় নিহত বদরুন্নেসার মামা লেফটেন্যান্ট কমান্ডার জাকির প্রথম আলোকে বলেন, ওই দিন সপরিবারে তাঁর চট্টগ্রামের বাসায় বেড়াতে যাচ্ছিলেন বদরুন্নেসা ও নোমান। নোমান প্রকৌশলী।মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজির আলম জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে।ফটিকছড়িতে দুজন নিহত: ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী একটি বাস উপজেলার কাঞ্চননগর রাবার বাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে চালকের সহকারী মো. এনাম (৩৫) ও যাত্রী ব্যবসায়ী রূপম চক্রবর্তী (৩১) নিহত হন। এ ছাড়া চারজন আহত হন।ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।