মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২ শ্রমিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার বিএসআরএম কারখানা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সীতাকুণ্ডের চৌধুরীপাড়া এলাকার মো. নুর উদ্দিন (২৭) ও জোরারগঞ্জ থানার মধ্য সোনার পাহাড় গ্রামের মো. মোশাররফ হোসেন (৩৭)।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে কারখানার কাজ শেষে বাড়ি ফিরছিলেন নুর উদ্দিন ও মোশাররফ। তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠতেই একটি ট্রাক চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলে দুজন মারা যান।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় বারআউলিয়া হাইওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।